রাঙ্গুনিয়া উপজেলায় এক চিকিৎসককে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার পারুয়া কড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চিকিৎসক ডা. মোহাম্মদ সেলিম জানান, তিনি ইসলামপুর গাবতল এলাকায় অবস্থিত তার ফার্মেসি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পারুয়া কড়া টেক এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী চক্র তার পথরোধ করে। এ সময় তারা তাকে ছুরিকাঘাত করে তার ডিসকভার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
ডা. সেলিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ডা. সেলিমকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. এমরান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হালিমপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















