চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি হিন্দু মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থ ও অলংকার নিয়ে গেছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান এলাকায় অবস্থিত মা মগদেশ্বরী মন্দিরে চুরির বিষয়টি প্রকাশ পায়।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী (৫০) জানান, তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে পূজা শেষ করে মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে এসে দেখেন, মন্দিরের কেচি গেটের তালা ভাঙা এবং ভেতরের দানবাক্সের তালা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া মন্দিরের মূর্তির গায়ের লাল কাপড় সরিয়ে এমিটেশনের একটি হার নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দিরের বৈদ্যুতিক সংযোগও কেটে দেওয়া হয়েছে। তাছাড়া দানবাক্সে ১০-১২ হাজার টাকা থাকতে পারে বলে জানান মন্দিরে দায়িত্বরত কয়েকজন।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














