চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) রাতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. আইয়ুব আলী (৪৪)। তিনি উপজেলার মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আইয়ুব আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলা নং–১২/৩৫, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে অভিযোগ রয়েছে। উক্ত মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, আইয়ুব আলী নামে ওই ব্যক্তিকে ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















