চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় কাজ করার সময় (চাল) শেড ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ৪ নং ওয়ার্ডের বক্তারপাড়া এলাকার পশ্চিমে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী জেলার লক্ষিপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লা বাড়ি গ্রামের নেছার আহমেদের পুত্র মোঃ ফারুক (৪০) এবং কুমিল্লার লাঙ্গলকোটের আবু তাহেরের পুত্র মোঃ জহির (২৫)।
এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের লাশ সরিয়ে ফেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামক একব্যক্তির মালিকানাধীন অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানাটিতে জিংক এ্যাশ উৎপাদন করে আসছে। কারখানায় এঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামত করার সময় হঠাৎ করে পুরো শেড ভেঙে পড়ে। এসময় শেডের উপর কাজ করার সময় দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হারান। এ ঘটনার পর পর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। দুপুর একটা দিকে কারখানা মালিকের পাঠানো দুইটি অ্যাম্বুলেন্সে করে লাশ দুটি চমেক হাসপাতালে প্রেরণ করে।
মোঃ জাফর নামে স্থানীয় যুবক জানান, হঠাৎ বিকট শব্দ হলে আমি দৌঁড়ে এসে দেখি গোডাউনটিতে শেড ভেঙে পড়েছে। দুইজনের লাশ পড়ে রয়েছে। বাকিরা সবাই দ্রুত চলে যায়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, একটি গোডাউনে দুই শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে।
উল্লেখ যে, ২০২৪ সালের ১৮ এপ্রিল পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ( সংশোধিত ২০১০) অমান্য করে জিংক এ্যাশ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে বায়ু দূষণ করায় অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক এ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 











