চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জের ধরে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম শামীম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখিল (তালতলা) এলাকায় শ্বশুর বাড়ি থেকে পাওনা টাকা চেয়ে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে ১০/১৫ জনের একটি দল তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে ।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও পরিবার দাবি করছে পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নিহতের বড় ভাই মোঃ সেলিম। তিনি আরো বলেন, আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল সোহেল ও ইরানের। বুধবার রাত ১১ সময় সোহেল আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে গেলে দশ থেকে পনেরো জন মিলে আমার ভাইকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্য করে।
এবিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, রাত একটায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 













