“উদ্ভবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী উপজেলা চত্বরে শুরু হয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে মেলাটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৩৩টি প্রদর্শনী স্টল স্থান পায়।উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত আরা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 











