রাঙ্গুনিয়ায় সড়কের ওপর কাটা গাছ পড়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী লক্ষীরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার বাসিন্দা ও মুহাম্মদ ইউছুপের ছেলে। তিনি মরিয়মনগর চৌমুহনী এলাকায় সিএনজি চালিত অটোর পার্টসের একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে ইছাখালী লক্ষীরখীল এলাকায় গিয়েছিলেন সাইফুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে আবু ফয়েজ নামের এক ব্যক্তি তাঁর বাড়ির উঠানে একটি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ে সাইফুল ইসলামের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় রাস্তায় কোনো ধরনের সতর্ক সংকেত বা নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় সতর্কতা ও পূর্বপ্রস্তুতি থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে তারা দাবি করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানালেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 









