সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর মোঃ রিফাতুল ইসলাম (১৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার (২৪ মে) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের খাইরুল শেখের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার প্রাইভেট কারযোগে পাঁচ বন্ধু গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। বিকালের দিকে তারা একসাথে সমুদ্রে গোসল করতে নামলে হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত নিখোঁজ হন। ঘটনার পরপরই সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সকাল ৬টা থেকে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। বীচ কমিটির মাধ্যমে ও সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















