চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার।
নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির লাইফ মেম্বার মো: আফতাব উদ্দিন বিএনপি নেতা শেখ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সদস্য রণজিত ধর ও বাবলু দে সভাটি সঞ্চালনা করেন। এ সময় ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।
পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















