মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং পরে সবার মাঝে উপহার বিতরণ করা হয়।
এর আগে দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ইউএনও নাজমুল হাসানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
পরে শিশুমেলা মডেল স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















