রাঙুনিয়ার ঐতিহ্যবাহী রাণীরহাট ঈদ বাজারে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। দীর্ঘদিনের ভোগান্তি ও বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারে এসেছে শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বস্তি-যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছেই প্রশংসিত হচ্ছে।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর আমল চৌধুরীর নেতৃত্বে এবারের ঈদ বাজারে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বাজারজুড়ে গড়ে তোলা হয়েছে দুই থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যাতে চুরি-ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। পাশাপাশি প্রতি বছরের মতো ভয়াবহ যানজট এড়াতে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ-স্কুল ও কলেজের গেট খুলে দেওয়া হয়েছে, ফলে সেখানে পার্কিং ব্যবস্থা করায় ক্রেতারা সহজেই বাজারে প্রবেশ ও বের হতে পারছেন।
বিক্রেতারা জানান, বাজার কমিটির নিয়মিত তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে তারা আগের তুলনায় বেশি ক্রেতা পাচ্ছেন এবং ব্যবসাও ভালো হচ্ছে। অন্যদিকে ক্রেতারাও স্বস্তিতে কেনাকাটা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এবারের পরিবেশ অনেক বেশি গোছানো ও নিরাপদ।
এ বিষয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর আলম চৌধুরী বলেন, “আমরা চেয়েছি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারেন। সে লক্ষ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যানজট নিরসনে বিকল্প পথ চালু করা হয়েছে। ব্যবসায়ী ও ক্রেতা-দু’পক্ষের সন্তুষ্টিই আমাদের সাফল্য।”
সব মিলিয়ে, ব্যবসায়ী সমিতির পরিকল্পিত উদ্যোগে রাণীরহাট ঈদ বাজার এবার পরিণত হয়েছে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ক্রেতাবান্ধব বাজারে, যা আগামী দিনগুলোতেও উদাহরণ হয়ে থাকবে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, “পবিত্র রমজানের শুরু থেকেই রাঙ্গুনিয়ার সকল বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছি। রাণীরহাট বাজার রাঙ্গুনিয়ার অন্যতম বড় ঈদ বাজার হওয়ায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও রাণীরহাটসহ রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলো সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা আমাদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া ঈদকে সামনে রেখে স্কুল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। আমরা চাই, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপিত হোক, ইনশাআল্লাহ।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















