রাঙ্গুনিয়ায় নার্সারি ব্যবস্থাপনা ও কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রকল্পে সফলতা অর্জন করায় সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন উপজেলার পদুয়া ইউনিয়নের নঈম উদ্দিন।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হিসেবে নঈম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, নঈম উদ্দিন প্রায় দুই বছর আগে মাছ চাষের কার্যক্রম শুরু করেন। বর্তমানে তার নিজস্ব ও ব্যবস্থাপনায় থাকা মোট ১১টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হচ্ছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত এসব পুকুর পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছেন।
নঈম উদ্দিনের খামারে উৎপাদিত মাছ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। তার এই উদ্যোগে বর্তমানে স্থানীয় ছয়জন মানুষের কর্মসংস্থান হয়েছে। মাছ চাষের মাধ্যমে নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করায় তাকে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা দেওয়া হয়।
নঈম উদ্দিন বলেন, “মাছ চাষ শুরু করার পর উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা পেয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে ভালো ফলন পাচ্ছি। ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















