‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ অগাস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শওকত আলীর সভাপতিত্বে উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, কৃষি সম্প্রসারণ অফিসার বোরহান উদ্দিন সহ স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সফল মৎস্যচাষি, সাংবাদিকবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় মৎস্যসম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ঐতিহ্যবাহী হালদা নদীর জীব বৈচিত্র্য ও মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ০৩ জন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান, ০৬ জন মৎস্য চাষীকে মৎস্য খাদ্য উপকরণ বিতরণ ও হালদা নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 










