চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার ( ১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই ৯ নং সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী নাহিদ হোসেনের খামার থেকে মুরগি কিনতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এ সময় তাদের কৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন নিয়ে যান।
ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে মিরসরাই থানা পুলিশ। এ সময় মুরগি ব্যবসায়ী সাবেক সেনা সদস্য নাহিদ হোসেন বাবুকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ হোসেন বাবু পুলিশকে জানান, ডাকাতি শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে আছে।
পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















