চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় সিনেমা স্টাইলে এক ১৫ বছর বয়সী কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমের বাবা বাদী হয়ে শনিবার (৩০ মে) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা পদুয়ার ৫নং ওয়ার্ড জয় নগর এলাকার এক কিশোরী বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে একই এলাকার জসিম উদ্দীনের ছেলে বাদশা মিয়া তাকে মুখ চেপে জোড়পূর্বক তুলে পাশ্ববর্তী নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে সেখানে আরো দুই অভিযুক্ত একই এলাকার মো. জালালের ছেলে মো. মাহাবুব প্রকাশ মাল্লু ও কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ধলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা মো. ছাবেরের ছেলে সাইফুল নামে দুইজনকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরো বলা হয়, অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে রাখে এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেল এএসপি মো. বেলায়েত হোসেন জানান, এজাহারভূক্ত প্রধান আসামী বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















