বিগত ১৭ বছর ধরে দেশের সঠিক ইতিহাস গোপন করা হয়েছে এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এটাও একটা বিপ্লব ছিল। ১৯৭৫ সালে সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল, এবার ছাত্র-জনতার নেতৃত্বে হয়েছে। এই ইতিহাসও লিখে রাখা দরকার। কারণ এই ইতিহাসও আস্তে আস্তে বদলে যেতে পারে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ঐতিহাসিক আন্দোলনের বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা অপরিহার্য।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান হুমাম কাদের চৌধুরী।
এ সময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রথম প্রহরে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 















