হাটহাজারীতে আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৮, ২৯ ও ৩০শে অক্টোবর অনুষ্ঠিতব্য ৩দিন ব্যাপি ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালের দিকে সংগঠনের পৌরসদরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ।
তিনি সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো কুরআনের বাণীকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলা যাতে ঘরে ঘরে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে।
এই উপলব্ধি থেকেই আল-আমিন সংস্থা আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক “তাফসীরুল কুরআন মাহফিল”। এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। তাঁদের গভীর তাফসীর, হৃদয়স্পর্শী বয়ান ও প্রজ্ঞাময় আলোচনা কুরআনের সঠিক মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সংবাদ, কলাম ও প্রতিবেদন এই মাহফিলের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা শফিউল আলম, মাওলানা আনওয়ারুল করিম, অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি, মাওলানা আনিসুর রহমান,
মাওলানা আবুল হাশেম এবং হাটহাজারীর প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















