রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন হুমাম কাদের চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাঁর পক্ষে এসব কর্মীদের মাঝে খাবার উপহার হিসেবে বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনচুর উদ্দীন।
দুর্যোগকালীন কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় নিয়োজিত ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। জানা যায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন এসব সদস্যরা। তাদের কষ্ট ও পরিশ্রমের কথা বিবেচনা করে ভিপি আনচুর নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করেন এবং সরাসরি কর্মরতদের হাতে তা তুলে দেন।
এ সময় ভিপি আনচুর উদ্দীন বলেন, “আমাদের এমপি মহোদয় সংসদ অধিবেশনের কারণে রাঙ্গুনিয়ায় না থাকলেও দুর্যোগের পর থেকেই তিনি একাধিকবার এখানকার মানুষের খোঁজখবর নিয়েছেন। আপনারা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মানুষের বিপদে যারা সবার আগে এগিয়ে আসে, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস কর্মীরা সত্যিকারের নীরব যোদ্ধা।”
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















