সারাদেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে রাঙ্গুনিয়া উপজেলায়ও। জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতির কারণে পল্লী বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৩৭ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৪ মেগাওয়াট। মাঝেমধ্যে এই সরবরাহ আরও কমে নেমে আসে।
এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ৭-৮ ঘণ্টা বা তারও বেশি সময় লোডশেডিং হচ্ছে। তবে এলাকা ভেদে লোডশেডিংয়ের সময়সূচি ভিন্ন হওয়ায় কোথাও কম, কোথাও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ফয়সাল জানান, এটি শুধুমাত্র স্থানীয় সমস্যা নয়; জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে সারাদেশেই এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রমসহ দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















