মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, “কোনো মাদক কারবারিকে ছাড়াতে কেউ থানায় এলে তাকেও একই মামলায় আসামি করতে হবে।”
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারি কিংবা মাদকসেবীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল এএসপি মো. বেলায়েত হোসেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 















