মীরসরাইয়ে দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং মীরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, আইটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহা আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
কর্মশালায় দায়িত্বশীল ও টেকসই পর্যটন বিকাশে গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মীরসরাইয়ের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় পর্যটন খাতের উন্নয়ন, পরিবেশবান্ধব পর্যটনচর্চা এবং পর্যটকদের কাছে মীরসরাইয়ের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলো তুলে ধরতে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়টিও কর্মশালার আলোচনায় গুরুত্ব পায়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















