চট্টগ্রামের মীরসরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাহার এগ্রোর কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে। গতকাল নাহার এগ্রোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি অফিস ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রাম, বালতি, কৌটা, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।
এ সময় ফাতেমা আক্তার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কর্মীদের মধ্যে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য নাহার এগ্রোর কর্মকর্তাদের অনুরোধ করেন।
তিনি আরও বলেন, নাহার গ্রুপের কারখানা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
















