বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর উদ্যোগে মীরসরাই উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৫০০ ব্যাগ শুকনা খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা মীরসরাই উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
সিদীপের পক্ষে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবির এবং মীরসরাই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. বাছির উদ্দীনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় প্রতিটি ব্যাগে সুষম খাদ্য ও জরুরি স্বাস্থ্যসামগ্রী রাখা হয়েছে। প্রতিটি ব্যাগে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম সুজি, এক বক্স হ্যালো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক বক্স এসএমসি ওআরস্যালাইন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, “হস্তান্তরিত এই খাদ্যসামগ্রী দ্রুত উপজেলার প্রত্যন্ত এলাকার প্রকৃত বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।”
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








