চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-নষ্ট ও বাসী খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইটি রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম নেতৃত্ব দেন।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পচা-নষ্ট ও বাসী খাবার সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় আল আমিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উদ্ধার হওয়া পচা-নষ্ট ও বাসী খাদ্যসামগ্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
সীতাকুৃণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 








