চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে সদ্য ঘোষিত উপজেলা শাখার আহ্বায়ক কমিটির একাংশের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনি’, ‘মিরসরাইয়ের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘বীর চট্টলার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
জানা গেছে মিছিলকারীরা কেন্দ্রীয় যুবলীগের নেতা নিয়াজ মোর্শেদ এলিটদের সমর্থক। সদ্য ঘোষিত কমিটির নেতা কর্মীরা মিছিল অংশ নিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অংশগ্রহণকারীদের পরিচয় ও ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















