চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘এক দেশ, এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানে ‘ক্যাশলেস জোরারগঞ্জ’ শীর্ষক ক্যাশলেস সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার এ. কে. এম. মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হাই, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন সবুজ, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ এবং পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও করেরহাট শাখার ব্যবস্থাপক আহমেদ উল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বারইয়ারহাট শাখার ক্যাশ ইনচার্জ রাজিব দে, জোরারগঞ্জ উপশাখার কর্মকর্তা সোহেল আল হামিদ, মুহাম্মদ রেজাউল করিম, দিদারুল আলম, সাব্বির উল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম জুয়েল, আরিফ খানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. মাসুদ বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ এবং ‘বাংলা কিউআর (Bangla QR)’ ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইন পরিচালনা করছে। ‘এক দেশ, এক কিউআর কোড’ নীতির আওতায় গ্রাহক ও ব্যবসায়ীরা একই কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন।
এসময় বক্তারা জানান, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জোরারগঞ্জকে একটি আধুনিক ও ডিজিটাল লেনদেনসমৃদ্ধ বাজার হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ী ও গ্রাহককে ক্যাশলেস সেবা ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। আলোচনা সভা শেষে পূবালী ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জোরারগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















