চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি হাইস গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ণ হসপিটালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই হাইস গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হলে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাইস গাড়িটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















