রাঙ্গুনিয়ায় একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বিভিন্ন দপ্তর পরিদর্শনে আসছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। আগামী সোমবার (১৮ মে) সকালে তার রাঙ্গুনিয়া সফরের কথা রয়েছে।
সফরকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় নবনির্মিত লাইব্রেরি ও সেবাগ্রহীতাদের জন্য প্রস্তুত করা ওয়েটিং রুম উদ্বোধন করবেন। এরপর উপজেলা প্রাঙ্গণে পর্যায়ক্রমে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন, অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বিভিন্ন সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও সফরসূচিতে রয়েছে রাঙ্গুনিয়া মডেল থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, “জেলা প্রশাসক স্যারের এ সফর রাঙ্গুনিয়ার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। ওনার উপস্থিতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















