আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের ‘অংশীদার প্রোগ্রাম’-এর ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের বাস্তবায়নে উত্তর রাঙ্গুনিয়ায় দ্বিতীয়বারের মতো মাসিক খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আলমশাহপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ। রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকেরা সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয় মানবিক সংগঠনগুলোকে অংশীদার করে দীর্ঘমেয়াদে আরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আল-হাইথাম কল্যাণ ট্রাস্ট এ কর্মসূচি পরিচালনা করছে। এর আগে একই প্রোগ্রামের আওতায় আল বারাকা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমেও মাসিক খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসির উদ্দিন রানা বলেন, “এই প্রোগ্রামে আনুষ্ঠানিকতার চেয়ে মানুষের উপকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করেছে।”
আল-হাইথাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ শাহেদ বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অংশীদার প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় মানবিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে মানুষের পাশে থাকতে চাই। আমাদের প্রত্যাশা, এ ছোট ছোট উদ্যোগ একসময় বড় মানবিক আন্দোলনে রূপ নেবে এবং সমাজের প্রতিটি স্তরে কল্যাণের বার্তা ছড়িয়ে দেবে, ইনশাআল্লাহ।”
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের সব দায়িত্বশীল, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আল-হাইথাম কল্যাণ ট্রাস্ট।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















