সীতাকুণ্ডে পৃথক তিনটি দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র সহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ও লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোঃ হারুন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (১৫) নামে এক মাদ্রাসা নিহত হয়েছে। নিহত হাসান মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মিরসরাই থেকে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী কুমিরা আকিলপুর সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে আসে। তারা একটি গাড়ি থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















