সীতাকুণ্ড উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি পুর্নগঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ভাটিয়ারী ইউনিয়নের জলিল এলাকায় উপজেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী।
তিনি বলেন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে এ পুনর্গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
পুর্নগঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কমল কদর। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে জহুরুল আলম জহুর ও মোঃ সালামত উল্লাহকে। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোরছালিন এবং যুগ্ম-সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ ফজলুল করিম চৌধুরী।
দলীয় নির্দেশনা অনুযায়ী, নতুন আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে ১ নং সৈয়দপুর থেকে ৭ নং কুমিরা ইউনিয়ন পর্যন্ত বিএনপির সব ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 








