চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মেসার্স ইউনুস এন্টারপ্রাইজ নামে পরিচালিত একটি ঝুঁকিপূর্ণ বসতবাড়ির নিচ তলার গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক মেসার্স ইউনুস এন্টারপ্রাইজের মালিক মোঃ সিরাজুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, গোপন সূত্রের বরাতে আমরা জানতে পেরেছি এখানে একজন ব্যক্তি ইউনুস এন্টারপ্রাইজ নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ব্যতীত বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসে যাচাই বাঁছাই করে দেখলাম যে, এই স্থানে ঐ ব্যক্তি এক হাজার গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখছে। এই সংক্রান্ত কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেই। তাছাড়া ঐ ব্যক্তির অন্য একটি অনুমোদন রয়েছে সেটা এখানকার না। সে বিষয়ে যেহেতু ঐ ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এধরনের একটা ব্যবসা পরিচালনা করছেন সেক্ষেত্রে নির্দিষ্ট আইন মোতাবেক তাকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। তাছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত ঝুঁকিপূর্ণ বসতবাড়ির গোডাউন থেকে সমস্ত গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, শুধু এই বিষয় না, যেকোন বিষয়ে যেখানে আইনের ব্যত্যয় ঘটে এবং যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন সমস্যা হয় অবশ্যই যেকোন বিষয়ে আমরা অভিযান অব্যাহত রাখবো।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা এনএসআই এর প্রতিনিধি এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 













