চট্টগ্রামের মিরসরাই উপজেলার চৈতন্যেরহাট-আবুরহাট বাজার সংযোগকারী আহমদ কবির সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৈতন্যেরহাট বাজারে সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বিএনপি নেতা নুরুল আমিন এমপি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে চেয়ারম্যান পদে ১ জন, মেম্বার পদে ৯ জন ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যকে মনোনয়ন দেওয়া হবে। দল থেকে যাকে যোগ্য বিবেচনা করা হবে তাকে মনোনয়ন দেওয়া হবে। সবাই দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হওয়ার চেষ্টা করে আমরা কঠিন ব্যবস্থা নিবো।
জনগণের প্রত্যক্ষ রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী ৫ বছর সরকার ক্ষমতায় থাকবে। তারা সরকারকে ১ দফার ভয় দেখাচ্ছে। আমি বলবো আগে আপনারা সংসদ থেকে পদত্যাগ করুন। তাহলে সরকারের পতন হয়ে যাবে। কিন্তু আপনারা পদত্যাগ করবেন না। আগামী ডিসেম্বরে আপনার আন্দোলনের ডাক দিয়েছেন।
আবার আ’ লীগের নেত্রী শেখ হাসিনাও ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বরেও আপনাদের মনের আশা পূর্ণ হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মাত্র ৬ মাস বয়স হয়েছে। পর্যায়ক্রমে মিরসরাই সহ সারা দেশে উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। গ্যাস সংকট দেখা দিয়েছে। বিরোধীদল ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করে সরকারকে ৬ দফা দাবী দিয়েছে। না মানলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিন্তু জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বলেছেন তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য পূর্বেকার সরকার দায়ী। কিন্তু তারা লোক দেখানো লংমার্চ করে জনগণের ভোগান্তি করেছেন।
এসময় তিনি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিয়ন নেতৃবৃন্দকে মাদক ও সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কেউ যদি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করেন কিংবা মাদক ব্যবসা করেন তাকে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেন। দল থেকে কোন ছাড় দেওয়া হবে না।’
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বারের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. আলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাকসুদ আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ছলিম নিজামী, নাজিম উদ্দীন মিয়াজী, শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব জামশেদ খান, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন রাজু, সাধারণ সম্পাদক জিলানী মিয়াজী, সাবেক ছাত্রনেতা মামুন উর রশীদ, দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহিদুল ইসলাম, মিরসরাই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ভূইয়া, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, জিসান, তাহাসিবসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১৭ কোটি টাকা ব্যায়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ আবুরহাট-চৈতন্যেরহাট আহমদ কবির সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















