মীরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের পরিত্যক্ত কারখানাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল প্রায় ৮টার দিকে কারখানার এক পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজন ব্যক্তিকে অস্বাভাবিকভাবে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মীরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পাহারাদারের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 



















