চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের বারবার জারি করা গণবিজ্ঞপ্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাদি জমিতে গড়ে উঠছে একের পর এক অবৈধ স্থাপনা। সর্বশেষ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দুটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়দের মাঝে শঙ্কা কাটছে না।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে ড্রিম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি স্থাপনার সরঞ্জাম জব্দ করা হয়। তবে সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের এই অভিযানকে অনেকটা ‘লুকোচুরি’ খেলার মতো দেখছে প্রভাবশালী চক্র। অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও শুরু হয় নির্মাণকাজ। এভাবেই চলছে দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া কৃষি জমির শ্রেণি পরিবর্তনের মতো দন্ডনীয় অপরাধ কার্যক্রম।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















