ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়ের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৯ আগষ্ট শনিবার দুপুর ২.৩০ টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় বাল্য বিবাহ হচ্ছে মর্মে গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
পরে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তৎক্ষণাৎ বাল্য বিবাহটি বন্ধ করে দেওয়া হয়।
আদালত মেয়ের বাবা মোঃ মহিন উদ্দিন মানিক (৩৮) এর অপরাধ স্বীকারের ভিত্তিতে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া পাত্র ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে ভবিষ্যতে আর বাল্য বিবাহ দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। উপস্থিত সবাইকে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দ্বীন আল জান্নাত।
রামগড় প্রতিনিধি 

















