আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাপ্পা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ উপজেলা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপ্রত্যাশী মো. সেলিম বাপ্পা বলেন, দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলে তিনি রাইখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, রাইখালী ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান। জনগণের প্রত্যাশা পূরণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে আগ্রহী।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















