বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টায় মিরসরাই মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গে উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
তিনি গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার বিকাল ৫ টায় গুলশান আজাদ মসজিদের সামনে প্রথম, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় ও আজ বিকাল ৫ টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁর নিজ বাড়ীর পাশে দাফন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার করা হয়।
জানাজায় তার মেঝ ছেলে সাবেক এমপি মাহবুবর রহমান রুহেল বলেন, আমার বাবা মিরসরাই জনপদে দীর্ঘ সময় রাজনীতি করেছেন জনগনের স্বার্থে। তিনি মিরসরাইয়ে নানামুখী উন্নয়ন কর্মকান্ড করছেন। তাঁর বাবার জন্য এলাকা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে গতকাল বিকাল থেকে জানাজার নামাজকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা থাকলেও মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহবান ও কোন দলীয় কর্মসুচী না থাকার ঘোষণার পর শান্তিপূর্ণভাবে জানাজা নামাজ সম্পন্ন হয়।
নামাজের ইমামতি করেন স্থানীয় সমজিদের পেশ ইমাম।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রায় এক মাস ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















