ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষকদল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলার আবুতোরাব বাজার এলাকায় উপজেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কৃষকদলের নেতাকর্মীরা আবুতোরাব বাজারের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি মো. রাকিব, ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, মায়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে কৃষকদলের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















