চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ছাদেক (৩৮)। তিনি সিলেটের শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাদেককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ছাদেকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে তদন্ত চলছে। চক্রটির মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, চোরাই মোবাইলসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















