চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় মোট ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৩টা ১৫ মিনিটে মীরসরাইয়ের বিএসআরএম গেট এলাকা থেকে চুরি মামলার আসামি মো. হারুনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মৃধা বাড়ির ইউসুফ ও ফয়েজুন নেছার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া সড়কের একটি কালভার্টের ওপর অটোরিকশা চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সিগারেট জ্বালানোর কথা বলে চালককে গাড়ি থামাতে বলা হয়। গাড়ি থামানোর পর চালকের বাবাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খালে ফেলে দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১ অক্টোবর জোরারগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় মামলা করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হারুনকে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অংশ নেন। এ সময় পাঁচ মাদকসেবীকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















