আধুনিক জিম সরঞ্জাম ও কারাতে প্রশিক্ষণের সমন্বয়ে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারে যাত্রা শুরু করেছে মোস্তফা ফিটনেস অ্যান্ড কারাতে একাডেমি (MFKA)।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ধামাইরহাট বাজারের পূর্ব গলি তাহের বিল্ডিংয়ে একাডেমিটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের (BKF) সপ্তম ড্যান, ওয়ার্ল্ড ইউনিয়ন অব ক্যারাতে ফেডারেশনের (WUKF) সপ্তম ড্যান এবং জাপান ক্যারাতে অ্যাসোসিয়েশনের (JKA) পঞ্চম ড্যান সিহান রতন তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মিস্টার বাংলাদেশ মো. সাইফুল ইসলাম তালুকদার, একাডেমির সর্বাধিকারী সেন্সি মোস্তফা রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
একাডেমির সর্বাধিকারী সেন্সি মোস্তফা রাসেল বলেন, “শুধু শরীরচর্চাই নয়, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আধুনিক জিমের সব ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে। শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ এখানে স্বাস্থ্যসচেতন জীবন গঠনের সুযোগ পাবেন। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি জানান, আধুনিক ব্যায়াম সরঞ্জাম, মানসম্মত প্রশিক্ষণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে ধামাইরহাট ও আশপাশের এলাকার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ফিটনেস ও মার্শাল আর্টস প্রশিক্ষণকেন্দ্র হিসেবে একাডেমিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের এই যাত্রা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














