দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষে রাজকীয় বিদায় পেলেন চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে।
রোববার (৬ সেপ্টেম্বর) আবেগঘন বিদায় সংবর্ধনা শেষে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে সসম্মানে বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীরা। ব্যতিক্রমী এই বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই।
বিপুল চন্দ্র দে ১৯৮৯ সালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে দীর্ঘ ২২ বছর গণিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে যোগ দেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে সুনাম অর্জন করেন। এর স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
৩৭ বছরের কর্মজীবনের ইতি টেনে বিদায়ের দিনে সহকর্মী ও শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক বিপুল চন্দ্র দে। ব্যতিক্রমী ঘোড়ার গাড়িতে তাঁর বিদায়ের দৃশ্যটি উপস্থিত সবার মাঝে তৈরি করে আবেগঘন পরিবেশ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















